প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২১ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩০ পিএম
উত্তরায় নভোএয়ারের ফ্লাইট অপারেশন অফিসে চুরির মামলায় গ্রেপ্তার মো. বিল্লাল হোসেন ও মো. নুরুল্লাহ রাকিব। ছবি : প্রবা
উত্তরায় নভোএয়ারের ফ্লাইট অপারেশন অফিসে চুরির মামলায় মো. বিল্লাল হোসেন ও মো. নুরুল্লাহ রাকিব নামের দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লালের বাড়ি ময়মনসিংহের পাগলা থানায়। আর রাকিবের বাড়ি ফেনী জেলার সোনাগাজী।
সোমবার দুপুরে (২৬ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর উত্তরা ৩ নম্বর সেক্টরের নভোএয়ারের ফ্লাইট অপারেশন অফিসে চুরির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। প্রথমে ময়মনসিংহ থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাকিবকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওই অফিসের চুরি করা একটি ল্যাপটপ এবং গ্রিল ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বিল্লাল দেয়াল কিংবা পাইপ বেয়ে যেকোনো ভবনের পাঁচতলা পর্যন্ত উঠতে পারে। এ জন্য তাকে স্পাইডারম্যান বিল্লাল বলেও ডাকা হয়। তার মূল টার্গেট বিভিন্ন অফিস। রাতের বেলা অফিসে লোকজন না থাকায় সে ল্যাপটপ চুরি করে। ২২ বছর বয়সি বিল্লালের চুরির অভিজ্ঞতা ১০ বছরের। গত ১০ বছরে সে পাঁচ শতাধিক চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানিয়েছে।
প্রবা/আরএম// এসআর