প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১২:১০ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩ ১৪:০২ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর ভাটারায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) রাতে ভাটারার নর্দায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইমরান হোসেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার জরখালি গ্রামের বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
নিহতের ভাই মনির হোসেন বলেন, ‘আমার ভাই একটি ফ্যাক্টরিতে চাকরি করত। বাসায় ফেরার পথে নর্দায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘আমাদের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার জরখালি গ্রামে। ভাই নর্দা এলাকায়ই থাকত। চার ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট।’