প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২২:১৭ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ২২:২৭ পিএম
ডিএনসিসির চিফ হিট অফিসার বুশরা আফরিন। প্রবা ফটো
তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়া আর পানির বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার (প্রধান তাপ কর্মকর্তা) বুশরা আফরিন।
তিনি বলেন, ‘হিট ইজ অলসো আনইকুয়াল (গরমেও বৈষম্য রয়েছে)। রাজধানীর কালাচাঁদপুর, কড়াইল বস্তির মতো জায়গায় বিদ্যুতও থাকছে না ঠিকমতো। সেখানে নারী, শিশু ও অসুস্থ লোকজন সবচেয়ে কষ্টে আছে। তারা নিজেদের ঠাণ্ডা করতে ফ্যানও ছাড়তে পারে না।’
মঙ্গলবার (৬ জুন) তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় ডিএনসিসির দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।
বুশরা একমাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিএনসিসির প্রধান তাপ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। আর্শট-রক ফাউন্ডেশন তাকে এ পদে নিয়োগ দেয়।
বুশরা আফরিন বলেন, 'এখন যে গরম অনুভূত হচ্ছে, এতে শহরের নিম্ন আয়ের মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। বড় গাছ কাটলে তা পুরো বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই আমাদের অবশ্যই কোনটিকে সবার আগে গুরুত্ব দিতে হবে তা ঠিক করতে হবে। গাছ ভালোবাসতে হবে। গরম কমাতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা যেন টেকসই ও সফল হয় সেটি মাথায় রাখতে হবে।'
গরম কমাতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে বুশরা জানান, নিয়োগের মাত্র একমাস পার হওয়ায় আপাতত ঢাকা শহর সম্পর্কে জানাশোনার কাজ ও পরিকল্পনা করছেন তিনি। পরিকল্পনা নির্দিষ্ট না হলেও শহরে কুল জোন, রিফ্লেটিভ পেইন্ট ও রুফটপ (আলো প্রতিফলিত হয় এবং রঙের ব্যবহার), কুল জোনে পানির ব্যবস্থা ইত্যাদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।