প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১১:২৯ এএম
আপডেট : ০৩ জুন ২০২৩ ১১:৪২ এএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নাসরিন আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই মামুন ইসলাম বলেন, ‘আমার বোন আদমজী ইপিজেডে অপারেটর হিসেবে চাকরি করেন। সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় অফিসে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার লক্ষ্মীপুরে। বর্তমানে চিটাগাং রোড এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।