প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৩ ২০:০৮ পিএম
আপডেট : ৩১ মে ২০২৩ ২০:২৪ পিএম
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদেরকে আত্মনির্ভরশীল মানুষ সৃষ্টি করতে হবে। সামাজিকভাবে উন্নয়নের সংগ্রাম ছড়িয়ে দিতে হবে। উন্নয়নকে আন্দোলনে পরিণত করা গেলে উন্নত বাংলাদেশ সময়ের ব্যাপার মাত্র। তাই সবাই মিলে উন্নয়নের সংগ্রামে উজ্জীবিত হতে হবে। শুধু সরকারিভাবে উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
বুধবার (৩১ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ওয়াই ডাব্লিউ সি এ ভবনে ‘দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশর সাথে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ৩০ বছর পূর্তি’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সুজন সম্পাদক। দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এই অনুষ্ঠান আয়োজন করে।
স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। এই ৩০ বছর আমার জীবনে একটা দীর্ঘ সময়। তবে এই সময়ে আমি নিজেকে বিকশিত করার সুযোগ পেয়েছি। সাথে সাথে পেয়েছি অনেক শিক্ষক, যারা গ্রামের সাধারণ মানুষ। তারা সত্যি আমাকে আলোকিত করেছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আপনাদের জন্য আজকে সবাই মিলে এ পর্যন্ত আসতে পেরেছি।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন, বদিউল আলম মজুমদারের স্ত্রী তাজিমা মজুমদার, সুজনের সহ-সম্পাদক জাকির হোসেনসহ হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সেচ্ছাসেবী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।