× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ওয়ার্ডের উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা দূর হবে : মেয়র আতিকুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৯:২৮ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ওয়ার্ডের প্রধান সড়কগুলোর চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মো. আতিকুল ইসলাম। 

বুধবার (৩১ মে) রাজধানীর কাওলা মধ্যপাড়া প্রধান সড়ক এলাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালি ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা প্রচারাভিযান এবং গোয়ালবাড়ী মোড় হতে কাওলার নামাপাড়া পর্যন্ত সড়ক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ৪৪ থেকে ৫৪ এই ১১টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে। কাওলার এই সড়কটি ১০-১২ ফুট ছিল। স্থানীয়রা কাউন্সিলের সহায়তায় ৩০ ফুট করে দেওয়ার পর আমরা কাজ করে দিয়েছি। সড়কটির নামকরণ করা হলো মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন বেপারী সড়ক। এভাবে ২০ ফুট, ৩০ ফুট জায়গা দিন আমরা সিটি করপোরেশন থেকে রাস্তা করতে দিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৪ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য করোনা এবং বৈশ্বিক যুদ্ধের জন্য আমাদের উন্নয়ন কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে। আমরা কিছু কিছু কাজ শুরু করেছি। টেকসই উন্নয়নের জন্য ড্রেনগুলোতে ৬ফিট ব্যাসের পাইপ বসাচ্ছি। ড্রেন করার পরেই রাস্তা করতে হবে। না হলে জলাবদ্ধতা সৃষ্টি হবে।

এবার বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে মেয়র বলেন, কিউলেক্স ও এডিস সব ধরনের মশার উপদ্রব কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে সচেতন হতে হবে। এই সময় কোনো পাত্রে কোনো ধরনের পানি জমিয়ে রাখা যাবে না। আপনারা দেখেছেন, আমাদের মশক কর্মীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউট ও ন্যাশনাল ক্যাডেট কোররা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট দিচ্ছে, স্কুল-কলেজে যাচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য। আমি সবাইকে অনুরোধ করছি তাদের কাজে সাহায্য করুন। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন এটি সকলের মাথার মধ্যে ঢুকাতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। এটির জন্য নগরবাসীকে এগিয়ে আসতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের বাসা বাড়িতে কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। আমাদের ঘরের আশেপাশে দুই বাড়ির মাঝখানের ফাকা জায়গা পরিষ্কার রাখতে হবে, ছাদ পরিষ্কার রাখতে হবে। আমাদের এই অভিযান চলমান। বিশেষ করে নির্মাণাধীন ভবনে জমা পানি পেলে সেখানে আমরা অভিযান করে আইন অনুযায়ী ফাইন করবো। 

তিনি আরও বলেন, আমাকে অনেকে ফোন করে বলছে, আমি ভুলে গেছি জমা পানি ফেলে দিতে। ভুলে গেলে চলবে না। ঘরে বাইরে সবাইকে সচেতন হতে হবে। সম্প্রতি এক বাসায় এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়। যার বাসায় জরিমানা করা হয়, তিনি আমাকে ফোন দিয়ে জরিমানা না করার জন্য বলেন। এখন কথা হচ্ছে একজনের ঘরে জন্মানো এডিস মশায় আরেক ঘরের শিশু, বৃদ্ধসহ কোনো মানুষ অসুস্থ হলে দায় কার? অতএব যার যার বাড়ি তাকেই দায়িত্ব নিতে হবে।

এর আগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালিতে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র বলেন, আমি যুবসমাজকে আহ্বান করছি এমন কিছু খাওয়া যাবে না যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক হচ্ছে মাদকাসক্তির প্রথম ধাপ। তাই সবাইকে তামাক পরিহার করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তামাক বর্জন করতে হবে। মাদকমুক্ত যুব সমাজ এদেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, তামাক যারা সেবন করে তাদের অনেকের মুখে ঘা, দাঁতে ঘাঁ। অনেক বয়স্করা তামাক খায়, গ্রামে-গঞ্জে, শহরে, বন্দরে। এটা বড়ো সর্বনাশা, আসুন তামাককে না বলি।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালি, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযান, ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা মধ্যপাড়া সড়ক উদ্বোধন শেষে তিনি দক্ষিণখান এলাকা পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এলাকাবাসীর পক্ষে কয়েকজন বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা দক্ষিণখান এলাকায় স্ট্রিট লাইট লাগানো, গ্যাস ও পানির সরবরাহ নিশ্চিত করা এবং রাস্তাগুলোর উন্নয়নের দাবি জানান। 

এলাকাবাসীর দাবির বিপরীতে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। ঢাকা-১৮ আসনের উন্নয়নের জন্য ৫৩০ কোটি টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা