প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৯:১৭ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ২০:০৮ পিএম
রোসা দ্বিতীয় কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন। প্রবা ফটো
তিন দিনব্যাপী রোসা দ্বিতীয় কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো শুরু হচ্ছে আগামী ৮ জুন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, আরব আমিরাত, শ্রীলংকা, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দেশের ৭০টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নেবে এ মেলায়।
ইভেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্রাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অ্যাসোসিয়েট পার্টনার বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশন এবং এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স।
মঙ্গলবার (৩০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ওয়েম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আরিফ, পরিচালক অপারেশন রাজীব পাটোয়ারী, আকিজবসির গ্ৰুপের মার্কেটিং ম্যানেজার শাহরিয়ার জামান, রোসা'র ব্র্যান্ড প্রধান গোলাম রাব্বানী, ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাফিউল ইসলাম বাবু, বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান ও এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ জুন প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন মেলায়। সেই সঙ্গে থাকবে স্পট অর্ডারের সুযোগ। দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।