প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৬:৪২ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ১৭:৫০ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ জুন থেকে। এবার সব টিকিটই বিক্রি হবে অনলাইনে।
তবে এবার দুই শিফটে বিক্রি হবে টিকিট। সেক্ষেত্রে পশ্চিমাঞ্চল বা রাজশাহী, রংপুর, খুলনা, ফরিদপুর অঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলে অর্থাৎ ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের আওতায় চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে ইস্যু করা হবে।
মঙ্গলবার (৩০ মে) রাজধানীর রেল ভবনে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, ’আগামী ২৯ জুন তারিখকে ঈদুল আজহার দিন ঠিক করে পরিকল্পনা নেওয়া হয়েছে।’
রেলমন্ত্রী বলেন, ’১৪ জুন থেকে পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুন পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ জুনের টিকিট।’
একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে। ওই দিন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ জুন পাওয়া যাবে ৩, ৪, ৫, ৬ জুলাইয়ের টিকিট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদে ঘরমুখী যাত্রীদের সুবিধার্থে অগ্রিম ও ফেরত যাত্রায় আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে কেবল যাত্রীসাধারণের অনুরোধে ট্রেনে বরাদ্দকৃত আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (শুধু নন-এসিতে) যাত্রার দিন প্রারম্ভিক স্টেশনের নির্ধারিত কাউন্টার হতে বিক্রি করা হবে।
স্ট্যাডিং টিকিট বিক্রি করা হবে ঢাকার মাত্র চারটি স্টেশন থেকে। সেটাও ট্রেন ছাড়ার কিছু আগে।
একজন যাত্রী ঈদের অগ্রিম টিকিট ও ফিরতি যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
একজন নিবন্ধিত যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ও এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়।
চলবে বিশেষ ট্রেন
ঈদযাত্রা উপলক্ষে বিশেষ ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এসব ট্রেন ঈদের আগে ও পরে কয়েক দিন পর্যন্ত চলবে।
এ ছাড়া ঈদযাত্রা উপলক্ষে বেশ কিছু ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত বগি ও ইঞ্জিন।