প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৩:২৪ পিএম
আপডেট : ২৮ মে ২০২৩ ১৩:২৯ পিএম
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। রবিবার (২৮ মে) দুপুর ১২টায় আটতলা ভবনটির বেজমেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপ্যাক্টর এরশাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ নম্বর বাসাটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে তাদের সঙ্গে যুক্ত হয় আরও চারটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন সবকটি ইউনিটের সদস্যরা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি।