প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪০ পিএম
রাজধানীর সায়েদাবাদ থেকে অচেতন অবস্থায় শামসুল আলম নামে এক পুলিশ সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। পুলিশের ধারণা--তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে উদ্ধার করা হয়।
সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির এএসআই মো. নজরুল ইসলাম জানান, সায়েদাবাদ রেলগেট বাস টার্মিনালের বলাকা বাস কাউন্টারের সামনে থেকে শামসুল আলমকে উদ্ধার করা হয়। তখন তার কাছে একটি আইডি কার্ড পাওয়া যায়। যার মাধ্যমে জানা যায়, তিনি পুলিশ সদস্য।
তিনি আরও জানান, দুপুরে তিনি অর্ধচেতন অবস্থায় বাস টার্মিনাল দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। তখন বলাকা বাসের স্টাফরা তাকে ওখানে বসিয়ে রেখে ফাঁড়িতে খবর দেন। তিনি কোনো বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আইডি কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তাকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
প্রবা/আরএম/ এমআই