প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৯:৪২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ১৯:৫৪ পিএম
মেট্রোরেল। ফাইল ফটো
মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিশেষায়িত এমআরটি ইউনিটে ২৩১ জন সদস্যের নেতৃত্বে থাকবেন একজন উপমহাপরিদর্শক (ডিআইজি)।
বুধবার (২৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে উপসচিব নূর-এ-মাহবুবা জয়া সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়।
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় পাঁচ মাস পর মেট্রোরেলের নিরাপত্তায় অনুমতি পায় ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।
প্রজ্ঞাপনে বলা হয়, মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ সৃজন এবং ১৫টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণ হয়েছে।
কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য মোট ৩৫টি পদ রাখা হয়েছে। এর মধ্যে একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন ইন্সপেক্টর, দুজন এসআই (নিরস্ত্র), দুজন এসআই (সশস্ত্র), তিনজন এএসআই (নিরস্ত্র), চারজন এএসআই (সশস্ত্র), পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাবরক্ষক, একজন উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন।
এমআরটি লাইন-৬-এর জন্য মোট ১৯৬টি পদ রাখা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন ইন্সপেক্টর (নিরস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), ৩৪ জন এএসআই (নিরস্ত্র) ও ১৭টি স্টেশনের জন্য মোট ১৫৩ জন কনস্টেবল। যানবাহনে একটি জিপ, চারটি পিক-আপ ও ১০টি মোটরসাইকেল রাখা হয়েছে।