প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৮:৫৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১৮:৫৭ পিএম
নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে আঞ্চলিক বৈষম্য নিরসনে অগ্রাধিকার দেওয়ার দাবি করেছেন বিভিন্ন বেরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বিশেজ্ঞরা। মঙ্গলবার (২৩ মে)বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে বাজেট-পূর্ব এক সংবাদ সম্মেলনে তারা বৈষম্য নিরসনের গুরুত্ব তুলে ধরেন। ইউনিসেফ, ফানসা, বাউইন, এফএসএম নেটওয়ার্ক, ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল, এমএইচএম প্ল্যাটফর্মসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ অংশ নেন। হোসেন জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, বাজেটে ওয়াশ (নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) খাতে বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য নিরসন এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের সম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়া জরুরি। চর, হাওর ও পাহাড়ি অঞ্চলসহ জলবায়ু ঝুঁকির অন্তর্গত সুবিধাবঞ্চিত এলাকায় বৈষম্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম পূর্বশর্ত।
ওয়াটারএইডের সহযোগিতায় পিপিআরসি পরিচালিত ওয়াশ খাতে বাজেট বরাদ্দবিষয়ক গবেষণার বরাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়াশ খাতে এডিপি বরাদ্দ আপাত-ঊর্ধ্বমুখী হলেও বস্তুত পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কম। পারিবারিক আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী, শতকরা ৯২.৩২ ভাগ মানুষ উন্নত টয়লেট সুবিধা পায়। সংবাদ সম্মেলনে ওয়াশ খাতে বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের ফলে বিদ্যমান সমস্যার বিষয়টি তুলে ধরা হয় এবং ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বরাদ্দ আরও যৌক্তিক ও ন্যায়সঙ্গত করার প্রস্তাব দেওয়া হয়। আলোচনায় চারটি পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) জন্য এডিপি বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং এগুলোর মধ্যকার বৈষম্যে নিরসনে নীতি-নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বরাদ্দের ক্ষেত্রে কতকগুলো প্রস্তাব দেওয়া হয়। দুর্গম এলাকা (চর, উপকূল, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা, হাওর, পাহাড়ি অঞ্চল) ও আন্তঃনগর বৈষম্যের প্রতি আরও গভীর মনোযোগ প্রয়োজন; বাজেটে আধা-শহর ও গ্রামগুলোতে নতুন করে সৃষ্ট ওয়াশ চ্যালেঞ্জ মোকাবিলায় বর্ধিত অর্থায়ন প্রয়োজন; ওয়াশ খাতে বরাদ্দের ক্ষেত্রে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের কেন্দ্রস্থলসমূহে মনোনিবেশ করা প্রয়োজন প্রভৃতি।