প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৬:৫৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ১৭:০৪ পিএম
বুধবার থেকে ঢাকা উত্তর সিটির সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। প্রবা ফটো
বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ ও মশা মারতে কাজ করবে জাতীয় স্কাউট দল- বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। প্রতিষ্ঠান দুটি মূলত মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতা সৃষ্টি করবে। এজন্য উত্তর সিটিকে আঞ্চলিকভাবে ভাগ (৪০০ মিটার×৪০০মিটার গ্রিড) করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা হবে।
বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুর-১-এ সনি সিনেমা হলের সামনে সচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এসব জানান।
এই দুটি প্রতিষ্ঠানকে যুক্ত করার মাধ্যমে মশা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন মেয়র।
আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা হবে। এ নিয়ে আমরা ব্যাপক প্রচারের সিদ্বান্ত নিয়েছি। এজন্য কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠে নেমেছে বিএনসিসি ও স্কাউট। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।’
তিনি বলেন, ‘এর আগে আমরা বিএনসিসি ও জাতীয় স্কাউট দলের সঙ্গে বৈঠক করেছি। দুই প্রতিষ্ঠানের সদস্যরা মানুষের বাড়ি-বাড়ি যাবে। সাধারণ মানুষকে সচেতন করবে। এ বিষয়ে সামাজিক আন্দোলন সৃষ্টি করবে। মানুষের বাড়িতে জমে থাকা পানি ফেলে দিতে তারা উদ্ভুদ্ধ করবে।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘এখন বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। এই রোদ-বৃষ্টির জন্য আমাদের ক্যাম্পেইন শুরু করেছি। অন্যান্য সময় আমরা ভিন্নভাবে ক্যাম্পেইন করি। আজ সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুরু করেছি। জনগণকে সম্পৃক্ত করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
আতিকুল ইসলাম বলেন, ‘আজকের দিনটি বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য, ১৭ কোটি মানুষের জন্য অনন্য দিন। আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ছয় বছরের নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে দেশের মাটিতে পা রাখেন তিনি। দিবসটি উপলক্ষে আজকের দিনে আমরা এই কার্যক্রম শুরু করেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান প্রমুখ।