প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ১৫ মে ২০২৩ ১৬:৪২ পিএম
সোমবার বাংলাদেশে সপ্তম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ-২০২৩ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরিতে বাংলাদেশে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় না বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
সোমবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে সপ্তম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ-২০২৩ উদযাপনে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রোড ক্রাশ জনিত কারণে প্রতিবছর মৃত্যুর যে সংখ্যা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশে (সিআইপিআরবি) উল্লেখ করছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবের প্রায় কাছাকাছি। তবে সরকারি হিসাবের সঙ্গে এর পার্থক্য অনেক। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ পুলিশের তথ্যমতে, ২০২২ সালে দেশে পাঁচ হাজার ২০০টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা চার হাজার ৬৩৮ জন এবং আহতের সংখ্যা চার হাজার ৬৪৮। পুলিশের এই তথ্যের সঙ্গে সিআইপিআরবি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবের পার্থক্য প্রায় পাঁচ গুণ।’
তিনি আরও বলেন, ‘রোড ক্রাশ সংক্রান্ত তথ্য ও উপাত্ত সংগ্রহের বৈজ্ঞানিক ও স্বীকৃত কোনো পদ্ধতি বাংলাদেশে না থাকার কারণে প্রায়ই তথ্য ও সংখ্যা নিয়ে ভিন্নতা দেখা দেয়। তাই সরকারের কাছে রোড ক্রাশ সংক্রান্ত তথ্য ও উপাত্ত সঠিক উপায়ে সংগ্রহের জন্য বিশ্ব স্বীকৃত ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানাই।’
২০২৩ সালে ১৫ থেকে ২১ মে পর্যন্ত সপ্তম বারের মতো জাতিসংঘের সদস্য দেশগুলো বিশ্বব্যাপী রোড সেইফটি সপ্তাহ পালন করছে। এই বছরের রোড সেইফটি সপ্তাহের স্লোগান হচ্ছে ‘রিথিংক মোবিলিটি’।