প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ২১:২৬ পিএম
আপডেট : ১০ মে ২০২৩ ২২:০৬ পিএম
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের উন্নয়নে সরকার অত্যন্ত সচেতন বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
তিনি বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকেন। বিশেষ চাহিদার কথা মাথায় রেখে নতুন অবকাঠামো তৈরি করা হচ্ছে।’
প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য ইউএসএইডের আর্থিক সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন ‘একতা’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। বুধবার (১০ মে) সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন ইউএসএইডের মিশন ডিরেক্টর মিস ক্যাথরিন স্টিভেন্স ও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কর্মসূচি) মো. সাব্বির ইমাম।
প্রকল্পটির উদ্দেশ্য প্রতিবন্ধীদের আইনি সহায়তা প্রদান, শিক্ষা ও বিভিন্ন সরকারি সেবাসমূহ—বিশেষ করে নারী ও মেয়েদের জন্য সুযোগ সৃষ্টিতে কাজ করা।
আশরাফ আলী খান খসরু প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কিত আইন ও নীতি মেনে চলা এবং বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সরকারের কয়েকটি প্রতিবন্ধীবান্ধব উদ্যোগ যেমন—সুদমুক্ত ঋণ, কোটা ব্যবস্থা, প্রতিবন্ধী ভাতা, আবাসন ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ধীরে ধীরে বাংলাদেশ আরও প্রতিবন্ধীবান্ধব দেশে পরিণত হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম স্বাগত বক্তব্যে বলেন, ’আমরা মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২০ বছরে ইউকের সহায়তায় সারা দেশে প্রায় ৩০ লাখ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার অর্জনের জন্য ৫৩টি জেলায় চার শতাধিক সহযোগী সংগঠনের মাধ্যমে কাজ করেছি এবং তার মধ্যে অনেকগুলো প্রকল্পই ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও ক্ষমতায়নের জন্য। ইউএসএইডের সহায়তায় একতা প্রকল্পটি মানুষের জন্য ফাউন্ডেশন ও তার সহযোগী সংস্থা সিআরপি, সিডিডি, পিএসইউিএসের জন্য একটি বড় সুযোগ। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করে সক্ষমতা তৈরি ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইউএসএইডের মিশন ডিরেক্টর মিস ক্যাথরিন স্টিভেন্স বলেন, ’’প্রত্যেকেরই সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার এবং তাদের জীবনে উন্নতির জন্য প্রয়োজনীয় সমান সুযোগের অধিকার রয়েছে। এ কারণেই ইউএসএইড প্রতিবন্ধী মানুষদের অধিকার প্রতিষ্ঠা করতে এবং তাদের ক্ষমতায়নের জন্য নতুন প্রকল্প ’একতা’ চালু করতে পেরে খুবই গর্বিত।’’