× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ৩৪ বছরের রেকর্ড ভাঙল মে মাসের তাপমাত্রা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২১:৪২ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২১:৫৮ পিএম

মঙ্গলবার রাজধানীতে দীর্ঘ ৩৪ বছর এবং সারা দেশের তাপমাত্রার হিসাবে ২৮ বছরের রেকর্ডভঙ্গ হয়েছে। ফোকাস বাংলা ফটো

মঙ্গলবার রাজধানীতে দীর্ঘ ৩৪ বছর এবং সারা দেশের তাপমাত্রার হিসাবে ২৮ বছরের রেকর্ডভঙ্গ হয়েছে। ফোকাস বাংলা ফটো

রাজধানীতে দীর্ঘ ৩৪ বছর এবং সারা দেশের তাপমাত্রার হিসাবে ২৮ বছরের রেকর্ডভঙ্গ হয়েছে মঙ্গলবার (৯ মে)। ঢাকায় এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা বৃদ্ধি আরও দুদিন চলতে পারে। তবে আগামী শুক্রবার (১২ মে) দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এদিকে তীব্র গরমের কারণে শ্রমিক শ্রেণির মানুষের আয়েও ধাক্কা লেগেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’৩৪ বছর পর রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৯ সালের ৮ মে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি। ১৯৭৯ সালের মে মাসে ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি বলেন, ’সারা দেশের তাপমাত্রার হিসাবে ১৯৯৫ সালের ২৬ ও ২৮ মে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঢাকা নয়, সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও আজ গত ৯ বছর আগের রেকর্ড ভেঙে গেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

’এর আগে ২০১৪ সালের ২১ মে যশোরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বাংলাদেশে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ১৯৯৫ সালের ২৮ মে যশোরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।’

নাজমুল হক বলেন, ’যখন সাগরে লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপ থাকে, তখন বাতাস উত্তর দিক থেকে বঙ্গোপসাগরের দিকে যেতে থাকে। এতে তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। ফলে বেশি গরম অনুভূত হয় ও তাপপ্রবাহ বয়ে যায়। আগামী দুদিন এ অবস্থা চলতে পারে। ১২ এপ্রিল তথা শুক্রবার কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে। তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

এদিন দুপুর ১২টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরের এলাকায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন কুড়িগ্রামের রিকশাচালক জালাল উদ্দিন ও বগুড়ার ইকবাল হোসেন। গরমের কারণে রিকশাভাড়া বাড়ছে না কমছে এ ব্যাপারে জানতে চাইলে জালাল বলেন, ‘লোকজন বেশি বাইরে বের হয় না। রমজান মাসের তুলনায় ভাড়া কমেছে। এই গরমের মধ্যেও আমাদের রাস্তায় নামতে হয়, কারণ পেটের গরম বড় গরম। পেট ঠান্ডা না হলে জীবন চলে না।’

ইকবাল বলেন, ’দিনে গরম থাকার কারণে মানুষের মাথাও গরম। দু-একবারের বেশি ভাড়া নিয়ে কথা বললে ঝগড়া লেগে যায়। কেউ কেউ তো তেড়ে আসে।’

পাঁচ জেলায় তীব্র ও ৬০ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এ দিন রাজশাহী, নেত্রকোণা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার রাজশাহী, চুয়াডাঙ্গা, পটুয়াখালী ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও ৬০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে ৭ মে (রবিবার) থেকে দেশে আবারও সপ্তাহব্যাপী তাপপ্রবাহ শুরু হয়। এ দিন খুলনার ১০ ও রাজশাহী বিভাগের ৮ জেলাসহ ২৯ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। সোমবার তা বৃদ্ধি পেয়ে ৪৩ জেলায় বিস্তৃত হয়। মঙ্গলবার ৫ জেলায় তীব্র ও ৬০ জেলায় মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা