প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৯ পিএম
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। ফাইল ছবি
জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
জাপান দূতাবাস, জাপান ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘর গ্যালারিতে শুক্রবার বিকালে ‘ফটোগ্রাফিক ইমেজ অ্যান্ড ম্যাটার : জাপানিজ প্রিন্ট অব দ্য ১৯৭০’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০১৬ সালের হলি আর্টিজানের ঘটনায় ঢাকায় মেট্রোরেল প্রকল্পে কর্মরত জাপানের যেসব নাগরিক প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানিয়ে তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুপ্রতিম দেশ হওয়ায় এ হৃদয়বিদারক ঘটনায়ও দুই দেশের মধ্যকার সম্পর্কের গভীরতা একটুও কমেনি।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের অধ্যাপক সৈয়দ আবদুল বারেক আলভী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
জাপানের রাষ্ট্রদূতের ভূয়সী প্রশংসা করে বলেন, ইতো নাওকি একজন সংস্কৃতিমনা মানুষ। তিনি শিল্প-সংস্কৃতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।
প্রবা/মর/এমআই