প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৪:২৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৫:১৫ পিএম
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা। প্রবা ফটো
অন্যরা চিকিৎসা সুবিধা পেলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেকেই বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পেলেও বেগম জিয়াকে তা থেকে বঞ্চিত করা হচ্ছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে নিম্ন পর্যায়ের লোকেরাও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকে বারবার আবেদনের পরও যেতে দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, 'এসবের উদ্দেশ্য একটাই; ওনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রেখে অবৈধভাবে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেটা যেন তারা সফলভাবে করতে পারে। তারা ভীত শঙ্কিত হয়ে ওনাকে রাজনীতিতে সম্পৃক্ত হতে দিচ্ছে না। এটাই একমাত্র উদ্দেশ্য।’
আমীর খসরু বৈঠক প্রসঙ্গে বলেন, 'চলমান আন্দোলনকে সফল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের আলোচনা হয়েছে। আন্দোলনকে সফলভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সমন্বয়ের মাধ্যমে আমরা কীভাবে কাজ করব এবং কর্মসূচির বিষয়ে আলোচনা করেছি। আমরা ঐকমত্যে পৌঁছেছি। এই অবৈধ ফেসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনে নিয়ে এই আন্দোলন সফল করব। সব বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হয়ে গেছে।'
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশের সমস্যা আজকে একটাই, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া, জনগণের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক, ভোটাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, চরম দুর্নীতি, লুটপাটসহ সবকিছুর মূল একটি জায়গায়। সেটা হচ্ছে জনগণকে বাইরে রেখে জোর করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল।
বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও লিয়াজোঁ কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
অন্যদিকে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী।