প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ২২:০৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ২২:২১ পিএম
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের আগে পরে মোট আট দিনে ঢাকা ছাড়ে ১ কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী। তবে ঈদ শেষে রাজধানীতে ফিরেছে ৫৩ লাখ ৪৩ হাজার ৩৪৮ সিম ব্যবহারকারী। অর্থাৎ ছুটি শেষ হলেও ফেরেনি ৭৮ লাখ ১২ হাজার ২২ সিম ব্যবহারকারী।
বুধবার (২৬ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে এ তথ্য শেয়ার করেছেন।
ঢাকা থেকে ঠিক কত মানুষ ঈদে বাড়ি গেছেন তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও মোবাইল কোম্পানিগুলোর সিম ব্যবহারকারীদের অবস্থান পরিবর্তনের সংখ্যার মাধ্যমে ধারণা পাওয়া যাচ্ছে। মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে কয়েক দিন ধরে এসব তথ্য শেয়ার করছেন।
মোস্তাফা জব্বারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছেন। ওই দিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গেছেন।
ঈদের দিন ২২ এপ্রিল গেছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন সিম ব্যবহারকারী। আর ২৫ এপ্রিল ছেড়েছেন ৮ লাখ ২৬ হাজার ৯৭৫ জন।
ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে অফিস। কর্মস্থলে যোগ দিতে রবিবার থেকে ফিরতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ওই দিন ঢাকায় ফিরেছেন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ জন সিম ব্যবহারকারী। আর সোমবার ফিরেছেন ৮ লাখ ৭৮ হাজার ৪২ জন সিম ব্যবহারকারী।
গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ব্যবহারকারীর ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন মন্ত্রী।
মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন- পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।