প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১২:১৩ পিএম
প্রায় ২৭ ঘণ্টা পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে। প্রবা ফটো
প্রায় ২৭ ঘণ্টা পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিভেছে। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত করে ফায়ার সার্ভিস।
ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রবিবার সকাল ৯টায় ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণভাবে নিভেছে। ঘটনাস্থলে এখন ফায়ার সার্ভিসের কোনো কর্মী নেই। আমরা নিউমার্কেট থানা পুলিশকে মার্কেটটি বুঝিয়ে দিয়ে এসেছি।’
এদিকে সকাল ১০টার পর থেকে ঢাকার নিউমার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলোর দোকান খুলতে শুরু করেছে। তবে পোড়া নিউ সুপার মার্কেট বন্ধ রয়েছে।
গতকাল শনিবার সকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর আগুন পুরোপুরি নেভাতে সময় লাগল ২৭ ঘণ্টা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে কাজ করেন সেনা, বিমান, নৌবাহিনীসহ পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।