প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ০০:৩০ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ০০:৪৪ এএম
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকার উদ্যোগে আলোচনা সভা। প্রবা ফটো
অবাধ প্রবাহের যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার না করলে তা কল্যাণের পরিবর্তে ধ্বংস ডেকে আনবে বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলা শিখতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে বই পড়া ও অসাম্প্রদায়িকতা চর্চার বিকল্প নেই।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকার উদ্যোগে 'স্মার্ট যশোর গঠনে কেমন শিক্ষার্থী চাই' শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ইতোমধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির সঙ্গে এখন কর্মসংস্থানের অবারিত ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। আমাদের পড়ুয়াদের জন্য প্রযুক্তিখাতে কাজ করার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উন্নতিতে মনযোগী হতে হবে। দেশের উন্নতিতে সকলকে নিয়ে কাজ করতে হবে।
যশোর স্টূডেন্ট কমিউনিটি, ঢাকার সভাপতি হাসান ওয়ালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তিবিদ মোস্তফা আশীষ ইসলাম, লেখক ও সাহিত্যিক রাহিতুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকার দপ্তর সম্পাদক আমীমুল ইহসান ফাহাদ, অর্থ সম্পাদক মাহবুব হাসান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোমান হাসান তামিম, রায়হানসহ ঢাকায় অবস্থানরত যশোরের শতাধিক শিক্ষার্থী।