প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১২:২৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১২:৪১ পিএম
ঈদের মৌসুমে এমন আগুনে দিশাহারা ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা করেছেন অক্ষত মালামাল সরিয়ে নিতে। জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যেই মার্কেটের ভেতরে ঢুকে পড়েন তারা। প্রবা ফটো
প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি। এরই মধ্যে পুড়েছে ব্যবসায়ীদের ঈদ মার্কেটের অনেক মালামাল। ঈদের মৌসুমে এমন আগুনে দিশাহারা ব্যবসায়ীরা প্রাণপণ চেষ্টা করেছেন অক্ষত মালামাল সরিয়ে নিতে। জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যেই মার্কেটের ভেতরে ঢুকে পড়েন তারা।
পাঞ্জাবির দোকানের কিছু মালামাল বের করতে পেরেছেন ব্যবসায়ী মঈনুল ইসলাম। বিলাপ করতে করতে বলেন, ‘প্রায় ২০ লাখ টাকার মালামাল আমার দোকানে। আগুনের শুরুতে কিছু মালামাল বের করতে পেরেছিলাম। এর পরে আর ঢুকতে পারিনি।’
এরই মধ্যে মো. ইব্রাহীম নামের এক ব্যবসায়ী তার দোকানের ক্যাশ বাক্স উদ্ধার করেন। নিজের উদ্ধার করা টাকার বাক্স জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি। এ সময় তাকে ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ব্যবসায়ীরা। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম সাংবাদিকদের বলেন, ‘আমার দোকানের মালামাল পুড়ে গেছে। দোকানের ভেতর থেকে টাকার বাক্সটি উদ্ধার করেছি। বাক্স এখনো খুলতে পারি নাই। তালা দেওয়া রয়েছে। ভেতরে টাকা পুড়েছে কি না জানি না।’
এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা বিভিন্ন মালামাল নিজেদের ঘাড়ে করে নামাতে দেখা গেছে দায়িত্বরত পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের।
নিউ সুপার মার্কেটের ওভারব্রিজের পাশের সিঁড়ি দিয়ে মালামাল নামাতে দেখা গেছে তাদের। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঝুঁকি নিয়ে এসব মালামাল অক্ষত রেখে বের করে নিরাপদ স্থানে রাখছেন।