প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ২১:৪০ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২২:৩৮ পিএম
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত ফটো
রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় ছেলের মারধরে বৃদ্ধ নুরুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।
তিনি জানান, অভিযুক্ত ইফতেখার আলম সুমন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে দায়িত্বে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিক ও স্থানীয়দের বরাতে ওসি যুবায়ের জানান, বৃহস্পতিবার বিকালে দোকানে দুধ কিনতে যান সুমন। দাম নিয়ে দোকানির সঙ্গে তার ঝগড়া হয়। সেখান থেকে বাসায় প্রবেশের সময় বাড়ির নিরাপত্তাকর্মীর সঙ্গেও ঝগড়া করেন। নিজেদের ফ্ল্যাটে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। বাড়ির মালিক নিরাপত্তাকর্মীকে নিয়ে ভাড়া চাইতে গেলে দুর্ব্যবহার ব্যবহার করেন। নিরাপত্তাকর্মীকে মারধর করেন। বিষয়টি সুমনের বাবাকে জানাতে ফ্ল্যাটে প্রবেশ করলে একটি কক্ষের ভেতর খাটের ওপর নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা।
তিনি বলেন, ‘বাবা-ছেলে এক বাসায় থাকতেন। আটকের পর থেকে সুমন এলোমেলো কথা বলছেন। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। হত্যার ঘটনা বুধবার থেকে বৃহস্পতিবার বিকালের মধ্যে যেকোনো এক সময়ে ঘটতে পারে বলে ধারণা করছি। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’
ওসি বলেন, ‘সুমন গত ছয় মাস ধরে অফিসে যান না বলে জানতে পেরেছি। তবে এই বিষয়ে আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি।’