ডে-কেয়ার সেন্টার উদ্বোধন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২২:১৭ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২২:৩৬ পিএম
রাজধানী মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হলে ‘২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মঙ্গলবার (১১ এপ্রিল) এই ডে কেয়ার সেন্টার উদ্বোধন করেন।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘ডে-কেয়ার সেন্টার কর্মজীবী মায়েদের নিশ্চিন্তে কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করছে। আজ এখানে অনেক মা উপস্থিত আছেন। এই মায়েদের উপস্থিতিই প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও কর্মপরিকল্পনায় গত দেড় দশকে এদেশের নারীদের ব্যাপক অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ কর্মসংস্থান শুধু ঢাকা, চট্রগ্রাম ও সিলেটসহ বিভাগীয় শহরে নয়, জেলা ও উপজেলা পর্যায়ের নারীদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।’
স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘সরকার শিশুদের প্রতি যথেষ্ট সংবেদনশীল। তাদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য গড়ে তোলা হয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র।
‘মাননীয় প্রধানমন্ত্রী উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজন শিশুদের যথাযথ বিকাশ নিশ্চিত করা। তাদের সঠিকভাবে বেড়ে উঠা নিশ্চিত করতে পারলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।’
সভাপতির বক্তব্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি মো. মনিরুল ইসলাম বলেন, দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। অফিস ও কর্মস্থলে ডে-কেয়ার সেন্টারের সুবিধা থাকলে নারীরা নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারবে। তিনি বলেন, শিশুর সঠিক বিকাশ ও শিশুর উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা যায়।
স্বাগত বক্তব্য দেন স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম। প্রকল্প পরিচালক শবনম মোস্তারী ডে-কেয়ার সেন্টারটির বিভিন্ন সুবিধা তুলে ধরেন। অভিভাবকদের পক্ষে বক্তৃতা করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আমাতুল্লা।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন এবং অতিরিক্ত সচিব রওশন আরা বেগমসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।