× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি লিটন হত্যা : ফাঁসির আসামি চন্দন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৭ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৬ পিএম

 গ্রেপ্তার চন্দন কুমার রায়

গ্রেপ্তার চন্দন কুমার রায়

গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি চন্দন কুমার রায়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। চন্দন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর বিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশ তাকে লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী বলে আদালতে অভিযোগপত্র দিয়েছিল।

সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে চন্দনকে গ্রেপ্তার করার পর সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিস্তারিত জানিয়েছেন।

২০১৬ সালে ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বাড়িতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট বোন সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ৩০ এপ্রিল আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সে সময় চন্দন ব্যতীত সাতজনকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের ২৮ নভেম্বর চন্দনসহ সাতজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার রায় দেন আদালত। অপর আসামি সুবল চন্দ্র বিচার চলাকালে কারাগারে মারা যান। পলাতক চন্দন কুমার রায়কে গ্রেপ্তারে ইন্টারপোল রেড নোটিশ জারি করে।

তার ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৩ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে চন্দনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই খবর দেন।

আদালতে দেওয়া অভিযোগপত্রের বরাতে আল মঈন বলেন, মামলার মূল পরিকল্পনা করেন নবম জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল কাদের খান। বিভিন্ন ক্ষেত্রে তার দুর্নীতির বিষয়ে এমপি লিটন অভিযোগ উত্থাপন করেন। পরে একই আসন থেকে লিটন সংসদ সদস্য নির্বাচিত হন। এতে তাকে হত্যার পরিকল্পনা করেন আবদুল কাদের খান। কাদের খানের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে হত্যাকাণ্ডের সমন্বয় করেন চন্দন। ২০১৬ সালে ৩১ ডিসেম্বর লিটনকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৫ সালের মাঝামাঝি এমপি লিটনের লোকজনের সঙ্গে চন্দনের মারামারি হয়। এতে চন্দন গুরুতর আহত হন। চন্দনের ভাষ্যমতে, এমপি লিটনের প্ররোচনায় একটি মামলায় চন্দনকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয় এবং ১৯ দিন কারাভোগ করেন চন্দন। চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা থেকে অব্যাহতি পেতে চন্দন এমপি লিটনের সহযোগিতা চান। এমপি লিটন তাকে সহযোগিতা না করায় তার প্রতি ক্ষুব্ধ হন চন্দন। এমনকি ২০১৬ সালের প্রথম দিকে চন্দনকে দল থেকে বহিষ্কার করেন এমপি লিটন। এসব কারণে লিটনকে হত্যার পরিকল্পনা তৈরি হয়।  

গ্রেপ্তার চন্দনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


প্রবা/টিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা