প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৩:২৯ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৫:৪৫ পিএম
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে বর্জ অপসারণ করা হয়ে যাচ্ছে। প্রবা ফটো
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর সেখানকার ধ্বংসস্তূপ সরিয়ে আবারও দোকান বসানোর প্রস্তুতি চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে দোকান বসানোর জন্য এরই মধ্যে ইট ও বালি ফেলা হয়েছে বঙ্গবাজারে। তার আগে সোমবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোেরশন বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে নিতে কাজ শুরু করে।মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত এক হাজার ৬০ টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হায়দর আলীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তা ছাড়া সংস্থাটির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে, করপোরেশন গঠিত তদন্ত কমিটির সার্বিক সহযোগিতায় ব্যবসায়ীদের জন্য জায়গা প্রস্তুতির কাজ চলছে।
বঙ্গবাজারের এক দশমিক ৭৯ একর জায়গা জুড়ে বালি ও ইট বিছানোর কাজ চলছে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি এবং প্রায় ৯০ হাজার ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় প্রায় দুই লাখ ৫০ হাজার ইট ও ১৫০ গাড়ি বালি ফেলা হবে। আজকের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানোর লক্ষে করপোরেশনের সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হায়দার আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দ্রুত সময়ে কাজ শেষ করতে আমরা তৎপর আছি। কর্মীরা প্রচণ্ড গরমেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গত ৪ এপ্রিল রাজধানীর অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুনে কয়েক হাজার দোকান পুড়ে যায়। এতে কয়েক শ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভির, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিরি প্রচেষ্টায় ৭৫ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানো সক্ষম হয়।
পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক হিসাব খুলে দেয় সরকার। ঈদের আগে তাদের ব্যবসার সুযোগ করে দিতে এবার জোরেশোরে ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ করছে সিটি করপোরেশন।