প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৩:১৪ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৩:৪৭ পিএম
বঙ্গবাজারে চৌকি বিছিয়ে ব্যবসা করার জন্য সারিসারি ইট বিছানো হচ্ছে। প্রবা ফটো
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে অগ্নিকাণ্ডস্থল প্রস্তুত করা হচ্ছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দেখা যায়, পুড়ে যাওয়া বঙ্গবাজারের ধ্বংসস্তূপ ও আবর্জনা প্রায় সরিয়ে নেওয়া হয়েছে। সারি সারি ইট বিছানো হয়েছে। ইটের ওপর ফেলা হয়েছে বালু।
বঙ্গবাজার কমপ্লেক্সের মার্কেট দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা বলেন, 'বুধবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের চৌকি বসিয়ে ব্যবসার কার্যক্রম উদ্বোধন করবেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।'
তিনি বলেন, 'ব্যবসায়ীদের বসার জন্য পরিষ্কারের কাজ চলছে। আজকের মধ্যে শেষ হয়ে গেলে রাত থেকে ব্যবসায়ীরা বসতে পারবেন। ২ হাজার ৯৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখানে বসার সুযোগ পাবেন।'
গত ৪ এপ্রিল রাজধানীর অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুনে কয়েক হাজার দোকান পুড়ে যায়। এতে কয়েক শ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভির, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিরি প্রচেষ্টায় ৭৫ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানো সক্ষম হয়।
পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ব্যাংক হিসাব খুলে দেয় সরকার।