প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৩:০০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৩:১৯ পিএম
রাজধানীর চকবাজারে একটি পাঁচতলা ভবনে সিরামিক গোডাউনে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে লাগা আগুন দুপুর ১২টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে এবং ১২টা ৩৭ মিনিটে নির্বাপণ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর আগুন সম্পূর্ণভাবে ১২টা ৩৭ মিনিটে নির্বাপণ করা হয়।
আগুন লাগা ভবনটি মিটফোর্ডের ইমাম রোডে অবস্থিত। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
গত ৪ এপ্রিল চকবাজারের কাছেই বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এতে পুরোপুরি ভস্মীভূত হয় বঙ্গবাজার।
তার আগে ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয় পুরান ঢাকার চকবাজারবাসী। ওই বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার রাজ্জাক ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান ৭৮ জন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত ৫২ জন।