প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৯:৫৪ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২২:৪১ পিএম
এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে হামলা, ভাঙচুর, হুমকি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপি সমর্থিত ২৪ আইনজীবীর নামে মামলা হয়েছে। সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান শাহবাগ থানায় রবিবার (৯ এপ্রিল) মামলাটি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হ্যাঁ, মামলা হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেব।’
মামলার বাদী জানান, অন্য আসামিরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল, কামরুল ইসলাম সজল, শাহ আহমদ বাদল, মাহবুবুর রহমান খান, অ্যামাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, জামিউল হক ফয়সাল, কামরুল ইসলাম, ইউনুস আলী রবি, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার মেহেদী হাসান, নূরে আলম সিদ্দীকী সোহাগ, নজরুল ইসলাম ছোটন, মহসিন কবির রকি, ফয়সাল সিদ্দীকি, সফিউল আলম সপু, মো. শহিদুল ইসলাম, মনজুরুল আলম সুজন, ব্যারিস্টার রেদওয়ান আহমদ রানজিব ও মো. ইসা।
গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুটি আলাদা হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করে নির্বাচন ইস্যুতে বিবদমান দুটি পক্ষ। বিকাল ৪টার দিকে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইফতার মাহফিলের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বিএনপি সমর্থিত আইনজীবীদের দোষারোপ করলেও তরা এই ঘটনাকে আওয়মী লীগ সমর্থিত আইনজীবীদের নিজস্ব কোন্দল বলে দাবি করেন।