প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২২:৩১ পিএম
প্রতীকী ছবি।
রাজধানী খিলক্ষেতে অটোরিকশায় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত আফসানা অটোরিকশাটির যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৫ এপ্রিল) লা মেরিডিয়ান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, উত্তরা থেকে শ্যামলী এনআর পরিবহনের একটি ফাঁকা বাস দ্রুত গতিতে ঢাকায় ঢুকছিল। খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ওই নারী, অটোচালক এবং পাশে থাকা একজন মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে আফসানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানিয়েছে, আফসানা তার মায়ের সঙ্গে বারিধারা ডিওএইচএসে থাকতেন। উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তার এক ভাই বিদেশ থাকেন। মরদেহটি কুর্মিটোলা হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য এটি সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে।
নিহতের মামা নুরুল হুদার স্ত্রী জানান, আফসানা অবিবাহিত ছিলেন। উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন তিনি। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। ঢাকায় বারিধারা ডিওএইচএসের নিজস্ব বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন তিনি।
খিলক্ষেত থানার ওসি কাজী সাহান হক বলেন, পুলিশ বাসটি আটক করছে। চালককে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এই বিষয়ে এখনো কোনো মামলার প্রক্রিয়া শুরু হয়নি।