প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১১:৫৯ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:২১ পিএম
গ্রেপ্তার আসামি ইমরান হোসেন ও মো. শাহজাহান। প্রবা ফটো
রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট ও ছিনতাই করা ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের চরভদ্রাসনের চরহরিরামপুর এলাকার মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী ও শরীয়তপুরের ডামুড্যার ভাসানচর এলাকার মো. শাহজাহান।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি জিম শেষে বাসায় ফেরার সময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্পণা আক্তার ইতিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার ফোন ও ব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় তার ভাই আল আমিনের অভিযোগে বাড্ডা থানায় মামলা হয়। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা।
পুলিশ কর্মকর্তা আ. আহাদ জানান, ইমরানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। শাহজাহানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।