প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২০:৩৩ পিএম
সায়েন্স ল্যাব সড়কে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে গাড়ি। ফটো : ফোকাস বাংলা
রমজানের চতুর্থ দিনে এসে যানজটে নাকাল রাজধানীবাসী। নগরের প্রতিটি সড়কেই গাড়ির চাপ। ভোগান্তি পোহাচ্ছেন অফিসফেরত মানুষেরা। অনেকেই বাসায় ইফতার করতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। রমজানে টানা তিন দিন ছুটির পর সোমবার (২৭ মার্চ) প্রথম কর্মদিবস থাকায় এই যানজট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রমজানের নতুন নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হয় বেলা ৩টায়। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যক্তিগত গাড়ি রাস্তায় বেরোতেই যানজটে পড়েছে রাজধানী। বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ীসহ সব সড়কেই লেগে আছে গাড়ির জট।
সরেজমিনে দেখা যায়, খিলগাঁও থেকে রামপুরা এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন। মালিবাগ রেলক্রসিং এলাকায় আধাঘণ্টা ধরে কোনো গাড়িই নড়ছে না। বাস, মিনিবাস, প্রাইভেট কার, সিএনজি, অ্যাম্বুলেন্সসহ সবই আটকে আছে। বাস থেকে নেমে অনেক যাত্রীকে ফুটপাথ দিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। রাজধানীর বিজয় সরণিতে যানজট নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
তুরাগ বাসের যাত্রী লিটন শেখ বলেন, ‘এক ঘণ্টা ধরে মালিবাগ বসে আছি। বাস নড়ছেই না। আমি যাব উত্তরার জসিমউদ্দীন সড়কে। কবে যে পৌঁছাতে পারব বুঝতেছি না। আমার অফিস শুরু হবে ছয়টায়। সময়মতো পৌঁছাতে পারব কি না জানি না।’
-6421879433ed8.jpg)
শোয়াইব নামের এক যাত্রী বলেন, ‘দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে বাসে উঠি। যমুনা ফিউচার পার্কে আসতে সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টার বেশি। মগবাজার ফ্লাইওভার থেকে নামার পরই জ্যামে পড়ি। টানা ৪০-৪৫ মিনিট ওখানেই লেগে যায়। মহাখালী পার হতে সাড়ে ৩টা বেজে যায়। তারপর আমতলা থেকে বাড্ডার রোডেও একই অবস্থা। যমুনা ফিউচার পার্কে যখন এসে পৌঁছাই, তখন সাড়ে ৪টার ওপরে বেজে গেছে।’
তিনি বলেন, ‘অফিসের কাজ শেষ করে সন্ধ্যার আগে বাসায় গিয়ে ইফতার করার চিন্তা নিয়ে বের হয়েছিলাম। কিন্তু সেই ইফতারের আগে এসে পৌঁছালাম, এখন বাসায় যেতে যে কতক্ষণ লাগে সেটা নিয়েই চিন্তায় আছি।’
ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, তিন দিন ছুটি থাকার পর রমজানের প্রথম কর্মদিবসে সবাই কর্মস্থলে যোগ দেন। ফলে রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। তা ছাড়া রমজানে অফিসের সময় পরিবর্তনের কারণেও রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। ফলে রাজধানীজুড়ে এমন যানজট সৃষ্টি হয়েছে।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ রাস্তায় গাড়ির চাপ তুলনামূলক একটু বেশি। তিন দিন বন্ধ থাকার পর আজ রাজধানীতে সব অফিস খুলেছে।’