প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ২০:৫৪ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৩ ২১:০১ পিএম
অলংকরণ প্রবা।
ঢাকা উদ্যানে ৯ বছরের এক শিশুকে গণধর্ষণের ঘটনায় সেলিম নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে বাড্ডার খালপাড় হাজীপাড়া রোড এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার সহযোগী পলাতক রয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, ভিকটিম শিশুটি ১৪ মার্চ সন্ধ্যায় বড় বোনের সঙ্গে ঘুরতে বের হয়ে রাত ৮টার দিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় যায়। সেখানে বোনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। বোন রেগে তাকে ফেলে অন্য বান্ধবীদের সঙ্গে চলে যায়। শিশুটি ঘুরে ঘুরে মোহাম্মদপুরের ইকবাল রোডের দিকে গেলে রাত সাড়ে ১১টার দিকে অটোরিকশাচালক সেলিম ও তার সহযোগী তাকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে সিএনজিতে তোলেন। এরপর তাকে ঢাকা উদ্যানের একটি লেগুনা স্ট্যান্ডে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। উপর্যুপরি ধর্ষণের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি।
তিনি বলেন, ধর্ষণের পর শিশুটিকে ছেড়ে দিলে সে হেঁটে হেঁটে শিয়া মসজিদ এলাকায় গেলে বড় বোনের সঙ্গে দেখা হয়। এ সময় বোন তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
আজিমুল হক বলেন, ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে আদাবর থানায় মামলা করেছেন। মামলার পর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একটি সন্দেহজনক সিএনজি চিহ্নিত করা হয়। ভুক্তভোগীর দেওয়া তথ্যানুযায়ী ঢাকা উদ্যান, নবোদয় হাউজিং, শিয়া মসজিদ, তাজমহল রোড ও ইকবাল রোড এলাকার ২৩টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় সিএনজির নম্বর। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চালক সেলিমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।