প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ২০:৩৫ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২১:০৯ পিএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আত্মীকৃত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত কলেজ শিক্ষকদের সংগঠনের নেতারা। প্রবা ফটো
জাতীয়করণকৃত ৬৩টি কলেজের ১৯০০ শিক্ষক নানাভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক ফোরাম নামের একটি সংগঠন। শনিবার (১৮ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আত্মীকৃত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত কলেজ শিক্ষকদের সংগঠনটির নেতারা।
সংগঠনের সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই সরকার সেসব উপজেলায় একটি করে কলেজকে সরকারিকরণ করেছে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এসব কলেজের আত্মীকৃত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা চাকরি নিয়মিতকরণ, স্থায়ীকরণসহ সকল প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছেন, অথচ শিক্ষকরা এসব সুযোগ পাচ্ছেন না।’
তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেকে প্রিন্সিপাল ছিলাম, অনেকে ভাইস প্রিন্সিপাল ছিলাম, অনেকে সহকারী অধ্যাপক ছিলাম। আমাদের চাকরি জাতীয়করণ হওয়ার পর প্রভাষক হিসেবে নিয়োগ পেয়ে আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে মানহানিকর অবস্থায় পড়েছি। আমাদের ছাত্ররা আমাদের কলেজে বিসিএস শিক্ষা ক্যাডার থেকে এসে সিনিয়র হয়েছেন। এরপরও যদি এই শেষ বয়সে এসে চাকরি নিয়মিতকরণ, স্থায়ীকরণ, পদোন্নতি ও পেনশন নিয়ে টেনশনে থাকতে হয়, তাহলে আমরা ক্লাসে মনোনিবেশ করব কীভাবে?’ তিনি এক মাসের সময় বেঁধে দিয়ে ৯ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো, চাকরি নিয়মিতকরণ, পঞ্চাশোর্ধ্ব সবাইকে স্থায়ীকরণ, বঞ্চিত সব কর্মকর্তাকে স্থায়ী করা, পদোন্নতি, বিসিএস পরীক্ষার মাধ্যমে এসব কলেজে শিক্ষক নিয়োগ না দেওয়া, ইতোমধ্যে যাদের দেওয়া হয়েছে তাদের এক মাসের মধ্যে প্রত্যাহার ইত্যাদি।
দাবি আদায় না হলে পাঠদান না করে রাস্তায় নামবেন বলে ঘোষণা দেন শিক্ষক নেতা মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক হোচাইন মুহাম্মদ জাকির ও ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামানসহ অনেকে।