প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২২:৫১ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২২:৫২ পিএম
রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০০২১-২২ অনুষ্ঠান। প্রবা ফটো
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ওয়াসার পানির দাম জোনভিত্তিক নির্ধারিত হওয়া উচিত। ঢাকার অভিজাত এলাকা আর দরিদ্র জনবহুল এলাকার পানির মূল্য একই হওয়া বৈষম্যমূলক।’ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০০২১-২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা মেগাসিটির জনসংখ্যা এবং তাদের জন্য নাগরিক সুবিধা সামঞ্জস্যপূর্ণ না হলে শহরে নাগরিকদের দুর্ভোগ কমবে না।’ এজন্য সুষ্ঠু পরিকল্পনার উপর জোর দিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি যেকোন ইউটিলিটি সেবা দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। সেই তুলনায় জনসংখ্যা অতিরিক্ত হলে সরবরাহ ব্যবস্থার উপর চাপ পড়ে এবং সেবা প্রদান বিঘ্নিত হয়।’
তিনি বলেন, ‘২০০৯ সালে ওয়াসার রাজস্ব আরোহন ৪০০ কোটি ছিল। বর্তমানে তা ২০০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ কারণে সকল মানুষ এখন পানি পায়।’ বাংলাদেশকে ৩৫তম অর্থনীতির দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন করছে সরকার।’
জনসংখ্যার আধিক্যের কারণে ঢাকায় বায়ু দূষণ ও যানজট থেকে শুরু করে নানা প্রকারের দূষণ হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এতে ঢাকা শহরের মানুষের কর্মস্পৃহা এবং কর্মঘন্টা নষ্ট হচ্ছে। তাই ঢাকাকে দূষণমুক্ত করতে হবে।’
ঢাকা ওয়াসার ব্যাবস্থা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।