প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ০১:৪১ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১২:৩৩ পিএম
ফাইল ফটো
নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এবার দেশের সব নদনদী দখল ও দূষণমুক্ত করার জোর দাবি জানান পরিবেশকর্মীরা। সোমবার (১৩ মার্চ) দিবসটি উপলক্ষে রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নদীর অধিকার রক্ষা কর’ প্রতিপাদ্য সামনে রেখে বারোগ্রাম উন্নয়ন সংস্থা, বারোগ্রাম বালু নদী মোর্চা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, আন্তর্জাতিক নদীকৃত্য দিবসকে অন্যভাবে বলা হয় আন্তর্জাতিক নদী রক্ষায় করণীয় দিবস। ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নদীর প্রতি আমাদের করণীয় কী, নদী রক্ষায় আমাদের কী দায়িত্ব, কতটুকু দায়বদ্ধতা, এটি উপলব্ধি করা এবং সবাইকে তা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমন দিবস পালনের সূচনা হয়েছিল।
বক্তারা আরও বলেন, নদীমাতৃক দেশ বাংলাদেশ। বর্তমান সময়ে মানুষ কঠিন কঠিন বিদেশি শব্দ রপ্ত করতে পারলেও নদীমাতৃক কথাটির গভীরতা কিংবা এর ব্যঞ্জনা উপলব্ধি করতে পারেনি। নদীমাতৃক কথাটির অর্থ হচ্ছে নদী হলো মাতা বা জননী। আর আমরা সেই জননীকে প্রতিনিয়ত গলা টিপে হত্যা করছি!
নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বারোগ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মো. সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইবনুল সাইদ রানা, সম্প্রীতি ও সৌহার্দ্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাদ খান প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিকাল ৪টায় শেখ জামাল উচ্চবিদ্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজ, বুড়িগঙ্গা নদী মোর্চা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
এ ছাড়া মঙ্গলবার সকাল ৯টায় ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে বসিলা পুরাতন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও জাতীয় নদী জোটের যৌথ উদ্যোগে বসিলা থেকে সদরঘাট পর্যন্ত নৌযাত্রার আয়োজন করা হয়েছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে বাগেরহাটের মোংলা, পটুয়াখালীর কলাপাড়া, কক্সবাজারের মহেশখালী, বরগুনার তালতলীসহ দেশের বিভিন্ন স্থানে ১৪ মার্চ দিবসটি উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।