উত্তরায় দিনদুপুরে ডাকাতি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৮:২০ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৯:৫১ পিএম
রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাস থেকে ডাকাতি হওয়া সোয়া ১১ কোটি টাকা ভর্তি চারটি বক্সের মধ্যে তিনটি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ছাড়া গাড়িচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাইক্রোটি।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টাকা ভর্তি একটি বক্স নিয়ে ডাকাতরা পালিয়ে গেছেন। এ বিষয়ে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিন সকালে ওই এলাকায় অস্ত্র ঠেকিয়ে ’মানি প্ল্যান্ট লিংক’ নামে একটি কোম্পানির গাড়ি থেকে ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি করা হয়। এর পরপরই উত্তরাসহ আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে টাকা বহনকারী ওই মাইক্রো ডাচ্-বাংলা ব্যাংকের বুথে টাকা জমা করতে ঢাকা থেকে সাভার ইপিজেড এলাকার একটি বুথে যাচ্ছিল। সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এলে সশস্ত্র একটি চক্র গাড়িটি জিম্মি করে টাকার বক্স ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনা সম্পর্কে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উত্তরা বিভাগের উপকমিশনার, ওসিসহ ডিএমপির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডাচ্-বাংলা ব্যাংক যা বলছে
ডাচ বাংলা ব্যাংকের গণসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ব্যাংকের গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে এমন তথ্য ভুল। কারণ গাড়িটি ডাচ বাংলা ব্যাংকের নয়। উত্তরাতে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কথা সত্য। কিন্তু সেটি ব্যাংকের টাকা নয়। এটিএম বুথে টাকা শেষ হয়ে গেলে যে কোম্পানির মাধ্যমে আমরা পুনরায় টাকা পূর্ণ করে থাকি সেই কোম্পানির গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে। এখানে ব্যাংকের কোনো বিষয় নয়। অথবা ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।