প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ২১:৪৬ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২১:৫৯ পিএম
যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনকেও গ্রেপ্তারের অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (৮ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্যে এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী আমাদের জানিয়েছেন, যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।’
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়েছে, মুন্নাকে মালিবাগ থেকে শাহজাহানপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু জানিয়েছেন, বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বিএনপির কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
রাতে মুন্নাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টন এলাকায় গাড়ি ভাঙচুরের মামলায় আব্দুল মোনায়েম মুন্নার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এস এম জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।