× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

চার মিনিটে মিরপুর-১০ থেকে আগারগাঁও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১০:২৪ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৩:১০ পিএম

চার মিনিটে মিরপুর-১০ থেকে আগারগাঁও

সকাল ৮টা ৪১ মিনিট। রাজধানীর উত্তরা থেকে মিরপুর-১০ নম্বর স্টেশনে পৌঁছায় মেট্রোরেল। যাত্রী নিয়ে ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশে রওনা হয় ৮টা ৪২ মিনিটে। মিরপুর-১০ থেকে আগারগাঁও আসতে সময় লাগল মাত্র ৪ মিনিট।

আজ বুধবার (১ মার্চ) মিরপুর-১০ নম্বর স্টেশনের দুয়ার খুলে দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল চালুর পর এ নিয়ে পঞ্চম স্টেশনের যাত্রা শুরু হলো। এর আগে উত্তরা থেকে উত্তর, আগারগাঁও, পল্লবী ও উত্তরা সেন্টার স্টেশন চালু হয়।

মিরপুর-১০ নম্বর স্টেশন চালুর প্রথম দিনে যাত্রী ছিল মোটামুটি। অনেকে এসেছেন ঘুরে দেখতে। আবার অনেকে অফিসের উদ্দেশে মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁও ও উত্তরায় গেছেন। এ সময় টিকিট কাটতে গিয়ে ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীরা টিকিটের জন্য লাইনে দাঁড়ান। তবে যাত্রী কম থাকায় টিকিট পেতে বেগ পোহাতে হয়নি যাত্রীদের।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মেশিনে টিকিট কাটার ক্ষেত্রে কোনো ত্রুটি নাই। যারা প্রথম এসেছেন তারা মেশিন সঠিকভাবে পরিচালনা করতে না পারায় একটু সমস্যা হচ্ছিল। যাত্রীদের সহযোগিতা করার জন্য স্কাউটের সদস্যরা রয়েছে।

স্টেশনে দেখা যায়, আগের ঘোষণা অনুযায়ী সকাল ৮টায় মিরপুর-১০ নম্বর স্টেশনের গেট খুলে দেওয়া হয়। মিরপুর-১০ থেকে আগারগাঁও বা উত্তরা স্টেশনে যাওয়ার যাত্রী ছিল কম। তুলনামূলক আগারগাঁও আসার যাত্রী বেশি ছিল।

উত্তরার ১০ নম্বর সেক্টরে ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন মো. জামাল। তার বাসা মিরপুর ১০-এর সেনপাড়া এলাকায়। আগে দোকানে যেতে সময় লাগত দুই থেকে আড়াই ঘণ্টা। এখন ১০ মিনিটের মধ্যে পৌঁছাতে পারেন। যানজট থেকে মুক্তি পাওয়ায় তিনি খুবই আনন্দিত।

নাজনীন আক্তার। চাকরি করেন আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে। তিনি জানান, মিরপুর-১০ থেকে আগারগাঁও আসতে সময় লাগত ৩০ থেকে ৪০ মিনিট। আজ ট্রেনে লেগেছে মাত্র ৪ মিনিট।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন রয়েছে। সেগুলো হলো উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। এর মধ্যে চালু হয়েছে পাঁচটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা