প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৫ পিএম
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ছবি : সংগৃহীত
২ মার্চ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম ফার্স্ট ট্রিপ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-বিটিটিএফ ২০২৩।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেত হবে এ মেলা। চলবে ৪ মার্চ পর্যন্ত। এবারের মেলার টাইটেল স্পন্সর ফার্স্ট ট্রিপ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন টোয়াবের পরিচালক (গণমাধ্যম ও প্রকাশনা) মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, বিটিটিএফ দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এ মেলার প্রধান উদ্দেশ্য। এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক ও পর্যটন শিল্পসংশ্লিষ্ট সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার প্রবেশমূল্য ৩০ টাকা রাখা হয়েছে। তবে ছাত্রছাত্রী ও মুক্তিযোদ্ধাদের প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবারের মেলায় কমপক্ষে ৬০ হাজার দর্শনার্থী অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মেলার প্রেক্ষাপট জানিয়ে টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন অংশ নেবে মেলায়।
এ ছাড়া ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটরস ও ট্রাভেল এজেন্টরা অংশ নেবেন মেলায়। মেলায় তিনটি হলে ১৪টি প্যাভিলিয়ানসহ ১৪৬টি স্টল থাকবে।
রাফিউজ্জামান বলেন, দেশের অভ্যন্তরের পর্যটন স্পটগুলোকে তুলে ধরার প্রয়াস থাকবে। সবার প্রতি আহ্বান জানাই- আপনারা আগে নিজের দেশ ঘুরে দেখুন। এরপর বিদেশ ঘুরে দেখবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের, মেলার টাইটেল স্পন্সর ফার্স্ট ট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, টোয়াবের সাবেক সভাপতি মো রাজিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।