প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৭ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৬ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিকস উৎপাদন, মজুদ এবং বিক্রি করার দায়ে সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও কেরানীগঞ্জ এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ওইসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র্যাব-১০।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানের সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাত্রাবাড়ী, ওয়ারী ও কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য, কসমেটিকস এবং অবৈধ ও মানহীন পানি গরম করার যন্ত্র গিজার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে সর্বমোট সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা প্রদান করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে জালাল এন্টারপ্রাইজকে আড়াই লাখ টাকা, হুওয়াং কেমিক্যালকে আড়াই লাখ টাকা, জেনারেল কেবলসকে তিন লাখ টাকা, এমআরএস কেবলসকে পাঁচ লাখ টাকা, ইলেকট্রিক ভিশনকে এক লাখ টাকা, বিআরবি কনজিউমারকে দুই লাখ টাকা ও মেট্রো কনজিউমারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের পর র্যাবের পক্ষ থেকে বলা হয়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিকস উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।