প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ২১:৫০ পিএম
গ্রেপ্তার মুশফিকুর রহমান ফাহিম। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু হত্যা মামলায় প্রধান আসামি থানা যুবদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাবুকে ওই যুবদল নেতা হত্যা করেন বলে দাবি করেছে ডিবি।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবন ক্রসিং এলাকা থেকে হাবু হত্যা মামলার প্রধান আসামি ফাহিমকে গ্রেপ্তার করেছে ডিবির ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।
হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার আসামি ফাহিম যাত্রাবাড়ী এলাকায় ফুটপথসহ বিভিন্ন দোকান পাটে চাঁদাবাজি করত। এই চাঁদা তোলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পরে ওই দিন হাবুর ওপরে ক্ষিপ্ত হয়ে হামলা করেন ফাহিম।
জানা গেছে, ১৬ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবু যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছালে গ্রেপ্তার ফাহিমসহ অন্য আসামিরা ছুরি, চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে হামলা চালায়।
এ সময় তারা হাবুর পেটের ডান পাশে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার।
ডিবিপ্রধান বলেন, আসামি ফাহিম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আবু বক্কর সিদ্দিক হাবুর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল।
প্রবা/ইউরি