প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১ পিএম
শাহবাগ থেকে মোবাইল ফোন চোর চক্রের ছয় সদস্য আটক। সংগৃহীত ফটো
রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোবাইল ফোন চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল চক্রটি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্য়ায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. ফারুক মোল্লা, মো. ইমরান খান, মো. মিলন, মো. পারভেজ দফাদার, মো. শাম্মু, মো. আবু হানিফ। তাদের কাছ থেকে ৮৮টি চোরাই মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব অধিনায়ক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাই করা মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল তারা। দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্পমূল্যে এসব মোবাইল ফোন কিনে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।