প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৪ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭ পিএম
প্রবা অলঙ্করণ
রাজধানীর কদমতলীতে ডোবার পানিতে ডুবে আব্দুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) জুরাইন বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে। শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিশুর বাবা আল আমিন জানান, ‘আমার ছেলে বাসায় খেলতেছিল। হঠাৎ সবার চোখকে ফাঁকি দিয়ে বাসার বাইরে চলে যায়। তাকে না পেয়ে আমরা অনেক খোঁজাখুঁজির করি। কিছুক্ষণ পরে দেখি পাশের একটি ডোবার পানিতে ভাসতে সে। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানা এলাকায়। বর্তমানে জুরাইন বউবাজার এলাকার হাজী আফসার করিম রোডে একটি বাড়িতে ভাড়ায় থাকি। আমি ফুটপাতে খেলনা বিক্রি করি। স্ত্রী কুলসুম বেগম ও দুই ছেলে-মেয়েকে নিয়ে ওই এলাকায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি বলেন, কোনও অভিযোগ না থাকলে ময়নতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।