কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৫ পিএম
কেরানীগঞ্জের শুভাঢ্যা মৌজায় ৬টি দাগে অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। প্রবা ফটো
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা মৌজায় ৬টি দাগে অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৭ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত জমিতে সীমানা প্রাচীরসহ সাইনবোর্ড লাগানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল বিন করিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ কামাল আনোয়ার, মো. আব্দুল মজিদ, নাজির কাম ক্যাশিয়ার সোহেল রানা ও শুভাঢ্যা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ চন্দ্রনাথসহ স্থানীয়রা।
সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান বলেন, ’শুভাঢ্যা মৌজায় ১নং খতিয়ানভুক্ত বিভিন্ন দাগে খাসজমিগুলো প্রভাবশালীরা দখল করে রেখেছিল। জমি থেকে মাটি কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে গিয়ে খাসজমিগুলো শনাক্ত করে সরকারি সাইনবোর্ড ও খুঁটি স্থাপন করা হয়। উদ্ধারকৃত জমিগুলো এখন নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হবে।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল বিন করিম বলেন, ’কেরানীগঞ্জের যেখানেই খাসজমি দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। যত বড় প্রভাবশালী হোক, কেউ খাসজমি দখল করে রাখতে পারবে না। খাসজমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’