প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৩ পিএম
জাতীয় বার্ন ইনস্টিটিউট।
গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন।
তিনি বলেন, ’গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়ালকে প্রধান করে বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে আমি রয়েছি। আরও আছেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি ও থোরাসিক সার্জারির চিকিৎসকরা।’
চিকিৎসক সামন্ত লাল সেন জানান, এ ঘটনায় দগ্ধ নারী সায়মা রহমান সিনহাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। আর দুজন শঙ্কামুক্ত।
তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
গতকাল রবিবার গুলশানের ১০৪ নম্বর সড়কের একটি ১২তলা ভবনের ৭ তলায় আগুন লাগে। সেটি অল্প সময়ে ভবনের অন্য তলায় ছড়িয়ে পড়ে। খুব দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের অন্তত ১৯টি ইউনিটের সঙ্গে পরে যোগ দেয় সেনা ও বিমানবাহিনীর সদস্যরা। রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। সে ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আহত দুজনের মৃত্যু হয়।