প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫০ পিএম
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ইকবাল হোসেন নামে এক ব্যক্তি। প্রবা ফটো
রাজধানীর রমনা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ইকবাল হোসেন নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
অচেতন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পাভেল হোসেন জানান, ইকবাল হোসেন মিরপুর-১ থেকে তানজিল পরিবহন বাসে সদরঘাট যাচ্ছিলেন। পথে ওই বাসে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। পরে রমনার হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পাকস্থলী ওয়াশ দিয়ে ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, অচেতন ব্যক্তির গ্রামের বাড়ি বগুড়া সদর জেলার বাউন পাড়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পরা ইকবাল নামের এক ব্যক্তিকে ঢামেকে নিয়ে আসা হয়। তার কাছ থেকে কত টাকা নিয়েছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে বলেও জানান বাচ্চু মিয়া।