বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০২ পিএম
উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। প্রবা ফটো
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একরাতে ১৪টি মন্দিরের ১২টি প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
সমাবেশে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, আপনারা (সরকার) সাম্প্রদায়িক গোষ্ঠীকে তোষণ করছেন। এখনই সাবধান হন। বিষ বৃক্ষের ফল সহ্য করতে পারবেন না। জঙ্গিবাদের লাগাম টেনে ধরতে হবে। মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য কাজ করতে হবে।
সংগঠনের ঠাকুরগাঁও জেলার সভাপতি সেতারা বেগম বলেন, ৪ ফেব্রুয়ারি রাতে ১২টি প্রতিমা ভাঙা হয়েছে। কেন ভাঙা হলো? কার স্বার্থ এখানে জড়িত? খতিয়ে দেখতে হবে। মুক্তিযোদ্ধারা কী এই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল? মৌলবাদী গোষ্ঠী, ধর্মান্ধ কুচক্রীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের কোনোভাবেই চুপ থাকার সুযোগ নেই। দায়িত্ববোধ থেকে প্রতিবাদ চালিয়ে যাব। এসব ঘটনায় দায়ভার কার কাছে যাবে? আপনাদেরই (সরকারের) এই দায়ভার বইতে হবে।
সমাবেশের শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। “এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার”, “তুমি মানুষ, আমি মানুষ, সকল এক মায়ের সন্তান” এবং “যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃস্টান, জাতি-গোত্রের ভেদ নাহি রবে” শিরোনামের গান পরিবেশন করে প্রতিবাদ জানান শিল্পীরা।
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত এবং আকরামুল হক। সঞ্চালনা করেন উদীচীর সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান।