প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪ পিএম
ছবি : সংগৃহীত
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন ও কূটনীতিক মহিউদ্দিন আহমেদ দেশেকে এগিয়ে নিতে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। মুক্তিযুদ্ধ মাঠ থেকে শুরু করে দেশ গঠনে এগিয়ে এসেছিলেন তারা। ক্রীড়া সংগঠক ও নাগরিক আন্দোলনের সরব ব্যক্তিত্ব ছিলেন স্থপতি মোবাশ্বর হোসন। অন্যদিকে মহিউদ্দিন আহমেদ ছিলেন উদার ও প্রচারবিমুখ। তাদের শূন্যতা পূরণে তরুণদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর প্রেস ক্লাবে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় স্মৃতিচারণে এসব কথা বলেন বক্তারা।
সভা পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ নূরুল আলম। সঞ্চালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামালউদ্দিন। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী, সাংবাদিক আমিনুল ইসলাম বেদু, স্থাপতি ইকবাল হাবীব, মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী বিলকিস মহিউদ্দিন ও ছোট ভাই জিয়াউদ্দিন আহমেদ। সূচনা বক্তব্য দেন সংগঠনের মহাসচিব লেখক ও সাংবাদিক হারুন হাবীব। মুক্তিযুদ্ধে প্রয়াত মোবাশ্বের হোসেন ও মহিউদ্দিন আহমেদের ভূমিকা তুলে ধরেন তিনি। তাদের আদর্শে দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পাঠ্যপুস্তক থেকে বিজ্ঞানমনস্ক পাঠ মুছে ফেলতে অশুভ শক্তি আজ পাঁয়তারা করছে। সরকারকে এদিকে নজর দেওয়া দরকার। প্রয়াত কূটনীতিক মহিউদ্দিন আহমেদের লেখা ২ হাজারের অধিক প্রবন্ধ বই আকারে প্রকাশে কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান বিলকিস মহিউদ্দিন।
২ জানুয়ারি রাতে মারা যান স্থপতি মোবাশ্বের হোসেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়। মোবাশ্বের হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে তিনি সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, ছিলেন ক্র্যাক প্লাটুনের সক্রিয় সদস্য।