× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই ফি বৃদ্ধি : মেয়র আতিকুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১০ পিএম

শুক্রবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে কবরস্থান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবা ফটো

শুক্রবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে কবরস্থান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবা ফটো

কবর দেওয়ার জন্য নয়, বরং কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে কবরস্থান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ‘কবর সংরক্ষণের জন্য প্রতিনিয়ত বিপুল আবেদন আসে। এভাবে কবর সংরক্ষণ করা হলে কবর দেওয়ার জায়গা কমে যাবে। আশা করছি ফি বৃদ্ধির কারণে কবর সংরক্ষণের আবেদন কমবে এবং সাধারণ মানুষ কবর দেওয়ার সুযোগ পাবে।’

এ সময় আতিকুল ইসলাম ডিএনসিসির আওতাধীন কবরগুলোর ডিজিটাল ডাটাবেজ তৈরি করারও ঘোষণা দেন।

ডিএনসিসির কবরস্থানে জনগণ সীমিত ফিতে দাফনের সুযোগ পাচ্ছেন উল্লেখ করে মেয়র বলেন, ’ডিএনসিসির আওতাধীন কবরস্থানে প্রতিটি মরদেহ দাফন বাবদ রেজিস্ট্রেশন ফি মাত্র ৫০০ টাকা এবং দুঃস্থদের ক্ষেত্রে ফি মাত্র ১০০ টাকা। কেউ যদি ১০০ টাকাও পরিশোধ করতে অপারগ হয়, তার জন্য বিনা মূল্যে দাফনের সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘কবরস্থানসহ অন্যান্য স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশনের স্থাপনা, ফুটপাথ, মাঠ, পার্কগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। নির্মাণকাজের জন্য গাছ কাটা যাবে না। আমি সর্বোচ্চ চেষ্টা করি গাছ না কেটে কাজ সম্পন্ন করতে। আমরা সাধারণত একটি গাছ কেটে তিনটি গাছ লাগানোর কথা বলি। কিন্তু এখন বলছি, গাছ না কেটেই তিনটি গাছ লাগান।’

তিনি আরও বলেন, ‘মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখনও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সীমিত সম্পদের মধ্যে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ১৮টি নতুন ওয়ার্ডেও আমরা উন্নয়ন কাজ শুরু করেছি। নতুন এলাকায় সবকিছু মাস্টারপ্লান করে ৪ হাজার ২৫ কোটি টাকার প্রকল্প নিয়েছি। অনেক বড় প্রকল্প তাই একটু সময় লাগছে। টেকসই উন্নয়নের জন্য সময় নিয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রি. জে. মুহ: আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান, স্থপতি ইকবাল হাবিব, উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি আনিসুর রহমান প্রমুখ। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ’ডিএনসিসির উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন’ প্রকল্পের অধীনে উত্তরা ৪ নম্বর সেক্টরের এ কবরস্থান উন্নয়ন করা হয়। যার আয়তন ১ দশমিক ২২৮ একর। উন্নয়ন কাজের ব্যয় ৪ দশমিক ৬৭ কোটি টাকা এবং মোট কবরের সংখ্যা ৫ হাজার ৮টি। ২০২১ সালের ডিসেম্বর মাসে উন্নয়ন কাজ শুরু হয় এবং গত বছরের ৩০ নভেম্বর কাজ শেষ হয়। 

কবরস্থানের চতুর্দিকে নিরাপত্তাবেষ্টনী রয়েছে। মার্বেল ফ্লোরসহ দৃষ্টিনন্দন দুই তলাবিশিষ্ট মসজিদ, কবরস্থান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি আধুনিক অফিস ভবন, প্রয়োজনীয় অজুখানা ও পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা, অভ্যন্তরীণ ওয়ার্ক-ওয়ে (৮০০ মিটার), পর্যাপ্ত বৈদ্যুতিক লাইটিং ব্যবস্থা, রোদ-বৃষ্টির জন্য কবরস্থানের অভ্যন্তরে ৫টি ওয়াক-ওয়ে, মৃত ব্যক্তির গোসলের সু-ব্যবস্থা, জানাজার জন্য খাটিয়া রাখার আলাদা প্ল্যাটফর্ম, একটি দৃষ্টিনন্দন প্রবেশ গেট, কবরস্থানের পূর্ব ও পশ্চিমে এলাকাবাসীর সুবিধার জন্য অতিরিক্ত দুটি পকেট গেট, কবরস্থানের চারদিকে বাউন্ডারিফেন্সে আরবি হরফে সুদৃশ্য ক্যালিওগ্রাফি, কবরস্থানের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির ফুল ও অন্যান্য গাছ (প্রায় ৭০০টি), কবরস্থানের বাইরের চারদিকে পায়ে হাঁটার পথ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা